• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৫ এএম


মেডিকেলে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা বাতিলের পক্ষেই ‘অটল ও আপসহীন’ অবস্থান বিজয়ের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ জুলাই ২০২৬ ৩:২২ পিএম

ভারতে নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং চলমান জেন-জি শিক্ষার্থী বিক্ষোভের প্রেক্ষাপটে জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পূর্ণ বাতিলের দাবি জানিয়েছে অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন রাজনৈতিক দল তামিলাগা ভেট্ট্রি কাজাগম (টিভিকে)। দলটি বলেছে, তারা শুধু পরীক্ষার অনিয়মের বিরোধিতা করছে না, বরং পুরো নিট ব্যবস্থাই বাতিল করতে চায়।মঙ্গলবার (২১ জুলাই) দেওয়া এক বিবৃতিতে টিভিকে জানায়, মেডিকেলে ভর্তির জন্য জাতীয় পর্যায়ের এই পরীক্ষা বাতিলের দাবিতে তাদের অবস্থান ‘অটল ও আপসহীন’।

একই সঙ্গে চিকিৎসা শিক্ষাসহ শিক্ষা–সংক্রান্ত সব বিষয়ে রাজ্য সরকারের পূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিশ্চিত করার আহ্বান জানায় দলটি।টিভিকের দাবি, শিক্ষা খাতকে সংবিধানের সমবর্তী তালিকা (Concurrent List) থেকে সরিয়ে রাজ্য তালিকায় (State List) অন্তর্ভুক্ত করা উচিত। যদি তাৎক্ষণিকভাবে এটি সম্ভব না হয়, তাহলে অন্তর্বর্তী সমাধান হিসেবে একটি বিশেষ সমবর্তী তালিকা গঠন করে শিক্ষা খাতের দায়িত্ব রাজ্যগুলোর হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে তারা।

দলটির মতে, এমন ব্যবস্থা চালু হলে চিকিৎসা শিক্ষাসহ সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ওপর রাজ্যগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এটিকেই তারা দীর্ঘমেয়াদি ও অন্তর্বর্তী—উভয় ধরনের কার্যকর সমাধান হিসেবে দেখছে।বিবৃতিতে নাম উল্লেখ না করেই তামিলনাড়ুর প্রধান বিরোধী দল ডিএমকের সমালোচনা করেছে টিভিকে।

তাদের অভিযোগ, ভোটের রাজনীতির জন্য জনগণকে বিভ্রান্ত করে ‘আমরাই নিট বাতিল করব’—এ ধরনের প্রতিশ্রুতি তারা কখনো দেবে না। উল্লেখ্য, ২০২১ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে ডিএমকে ক্ষমতায় এলে নিট বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিল।এ ছাড়া অন্যের আন্দোলন, ধারণা ও প্রচেষ্টার কৃতিত্ব নিজেদের বলে দাবি করার রাজনৈতিক সংস্কৃতি বন্ধের আহ্বান জানিয়ে টিভিকে বলেছে, তাদের দলকে লক্ষ্য করে এ ধরনের সমালোচনা অবিলম্বে বন্ধ করা উচিত।

সূত্র: ভারতীয় গণমাধ্যম।

/বিএসএস