• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পিএম


জাতীয় দলের অধিনায়কদের ‘ক্যাপ্টেন্স কার্ড’ দিল বিসিবি, মিলবে বিশেষ সুবিধা

আপডেট টাইম: ১৬ এপ্রিল ২০২৬ ১০:৪২ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান ও সাবেক অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অধিনায়কদের হাতে আনুষ্ঠানিকভাবে কার্ড তুলে দেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত এ আয়োজনে পুরুষ ও নারী—উভয় দলের অধিনায়কদের এই কার্ড প্রদান করা হয়।

বিসিবির এই উদ্যোগের আওতায় অধিনায়করা অন্তত দুটি বিশেষ সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)সহ বাংলাদেশে অনুষ্ঠিত যেকোনো ম্যাচ টিকিট ছাড়াই উপভোগ করার সুযোগ। এছাড়া জাতীয় দলের খেলোয়াড়দের মতো সাবেক অধিনায়কদের জন্যও স্বাস্থ্য বীমার সুবিধা নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, নাঈমুর রহমান দূর্জয়, সাকিব আল হাসান, মাশরাফি বিন মোর্তুজা এবং খালেদ মাসুদ পাইলট-এর মতো ক্রিকেটাররাও এই সুবিধার আওতায় থাকবেন।

বিসিবির এই পদক্ষেপকে দেশের ক্রিকেটে অবদান রাখা অধিনায়কদের প্রতি সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।