• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৬:৪৬ এএম


কারিগরি শিক্ষা বোর্ডের কারিগরি ক্রুটির কারনেই বিলম্ব হচ্ছে এসএসসি পরীক্ষার ফলাফল!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২১ জুলাই ২০২৬ ১০:০৮ পিএম

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ আগেই ঘোষণা করা হলেও নির্ধারিত দিনে ফল প্রকাশ করা হয়নি। এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ফল প্রকাশে বিলম্বের কারণ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, কারিগরি শিক্ষা বোর্ডের সফটওয়্যারসংক্রান্ত জটিলতার কারণেই ফল প্রকাশ পিছিয়েছে।

বোর্ড সূত্র জানায়, ফল প্রকাশের প্রস্তুতির শেষ পর্যায়ে গিয়ে দেখা যায়, অনেক শিক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষার নম্বর সফটওয়্যারে অনুপস্থিত। অনুসন্ধানে জানা যায়, কয়েকটি প্রতিষ্ঠানের এক বা একাধিক ব্যবহারিক পরীক্ষায় শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও সফটওয়্যারে নম্বরের ঘর ফাঁকা দেখা যাচ্ছে। অথচ হাতে লেখা নম্বর ফর্দ ও উপস্থিতির স্বাক্ষরলিপিতে তাদের তথ্য রয়েছে।

এই পরিস্থিতিতে বিভিন্ন কেন্দ্রের প্রতিষ্ঠানপ্রধানদের সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের রোল নম্বর ও নাম পাঠিয়ে পুনরায় ব্যবহারিক নম্বর সফটওয়্যারে এন্ট্রি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল কালাম আজাদ বলেন, কিছু শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহারিক পরীক্ষার নম্বর এন্ট্রি দেয়নি। এ অবস্থায় ফল প্রকাশ করা হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ফল স্থগিত থাকত। তাদের স্বার্থেই প্রতিষ্ঠানগুলোকে নতুন করে নম্বর এন্ট্রি দিতে বলা হয়েছে। তিনি দাবি করেন, এটি বোর্ডের নয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভুল।

তবে সংশ্লিষ্ট একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের দাবি ভিন্ন। তাদের ভাষ্য, সফটওয়্যারেই ত্রুটি ছিল। কারণ নম্বর এন্ট্রির সময় সব শিক্ষার্থীর তথ্য সফটওয়্যারে দেখা গেলেও পরে বোর্ড থেকে পুনরায় নম্বর চাওয়ার সময় কিছু শিক্ষার্থীর নম্বরের ঘর ফাঁকা দেখা যায়। তাদের মতে, সফটওয়্যারে ত্রুটি না থাকলে এমন পরিস্থিতি তৈরি হওয়ার কথা নয়।

জানা গেছে, প্রায় সব শিক্ষা বোর্ডের ফল প্রস্তুত থাকলেও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল এখনও চূড়ান্ত হয়নি। এ কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবহারিক পরীক্ষার নম্বর আবারও সংগ্রহ করা হচ্ছে। নতুন করে নম্বর এন্ট্রির জন্য সংশ্লিষ্ট সফটওয়্যারও পুনরায় চালু করা হয়েছে।

চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং শেষ হয় ২০ মে। ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ১৪ জুন। নির্দেশনা অনুযায়ী ১৮ জুনের মধ্যেই হাতে লেখা নম্বর ফর্দ, ব্যবহারিক উত্তরপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র বোর্ডে পাঠানো হয়। ফল প্রকাশের মাত্র কয়েক দিন আগে এ জটিলতা সামনে আসায় বিস্ময় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

গত ৮ জুন সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ করা হবে। তবে নির্ধারিত সময়ের দুই দিন আগে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান জানান, ওই দিন ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তিনি প্রশাসনিক ব্যস্ততার কথা উল্লেখ করলেও কারিগরি শিক্ষা বোর্ডের জটিলতা নিয়ে মন্তব্য করেননি।

অন্যদিকে, আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের বিষয়টি তাঁর জানা নেই। তবে প্রাকৃতিক দুর্যোগ, শিক্ষার্থীদের আন্দোলনসহ কয়েকটি কারণে ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। তিনি জানান, বোর্ডগুলো যেকোনো সময় ফল প্রকাশে প্রস্তুত রয়েছে।

/এএসএফ