২০২৭ সালের হজের সরকারি দুই প্যাকেজ ঘোষণা, খরচ শুরু ৫ লাখ ৫ হাজার টাকাসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ পালনের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনের পর সাধারণ ও সাশ্রয়ী—এই দুই ধরনের প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাধারণ প্যাকেজের খরচ রাখা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) ২০২৭ সালের সরকারি হজ প্যাকেজের বিস্তারিত তুলে ধরেন।ধর্মমন্ত্রী জানান, হজ প্যাকেজ-১-এর আওতায় থাকা হজযাত্রীরা মক্কায় পবিত্র হারাম শরীফের বহিঃচত্বর থেকে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ মিটারের মধ্যে আবাসন সুবিধা পাবেন। মদিনায় তাদের থাকার ব্যবস্থা থাকবে মারকাজিয়া এলাকায়।
এছাড়া মিনায় জোন-২-এ তাঁবুর ব্যবস্থা থাকবে। মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী সেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে।এই প্যাকেজে হজযাত্রীরা সাধারণত সৌদি আরবে ৩৫ থেকে ৪০ দিন অবস্থান করবেন। অতিরিক্ত অর্থ পরিশোধের মাধ্যমে রুম আপগ্রেডেশন এবং স্বল্পমেয়াদি বা শর্ট প্যাকেজ সুবিধাও গ্রহণ করা যাবে।
এ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা।অন্যদিকে, হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী) তুলনামূলক কম খরচের একটি প্যাকেজ। এতে মক্কায় হজযাত্রীদের আবাসন হবে হারাম শরীফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে। মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে থাকার ব্যবস্থা করা হবে।সাশ্রয়ী প্যাকেজের হজযাত্রীদের জন্য মিনায় জোন-৫-এ তাঁবুর ব্যবস্থা থাকবে। পাশাপাশি মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী সেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে।
হোটেল হারাম শরীফ থেকে দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের নীতিমালা অনুযায়ী সালাওয়াত বাসের সুবিধাও দেওয়া হবে।সরকার নির্ধারিত এই সাশ্রয়ী প্যাকেজের খরচ রাখা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন এই প্যাকেজগুলোর মাধ্যমে হজযাত্রীরা তুলনামূলক উন্নত, সুশৃঙ্খল ও মানসম্মত সেবা পাবেন। একই সঙ্গে দেশের হজ ব্যবস্থাপনাও আরও কার্যকর ও গতিশীল হবে।
সূত্র: ধর্ম মন্ত্রণালয়
/বিএসএস