• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পিএম


‘শিরোপা এখন ফিলিস্তিনিদের বন্ধুদের হাতে’, স্পেনকে অভিনন্দন ইরানের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ জুলাই ২০২৬ ৬:০৯ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজানের কাছে পাঠানো এক বার্তায় স্পেনের শিরোপা জয়ের পাশাপাশি ফিলিস্তিন ইস্যুতে দেশটির অবস্থানেরও প্রশংসা করেছেন।

অভিনন্দন বার্তায় মেহেদি তাজ বলেন, বিশ্বকাপের ট্রফি এমন একটি জাতির হাতে উঠেছে, যারা ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছে। তিনি দখলদারিত্ব ও মানবাধিকার লঙ্ঘনের বিরোধিতায় স্পেনের সরকার ও জনগণের ভূমিকার প্রশংসা করেন।তাজের ভাষ্য, স্পেনের বিশ্বকাপ জয় একটি জাতির ইচ্ছাশক্তি, যোগ্যতা, সংহতি ও সহনশীলতার প্রতিফলন।

তার মতে, স্প্যানিশ দল ফুটবলের নান্দনিকতার সঙ্গে সাহস ও বীরত্বের চেতনাকে একসূত্রে গাঁথতে সক্ষম হয়েছে।তিনি আরও বলেন, স্পেনের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আনন্দ শুধু তাদের মাঠের পারফরম্যান্সের জন্য নয়, বরং এমন একটি দেশের হাতে শিরোপা যাওয়ার কারণেও, যারা তার ভাষ্য অনুযায়ী সমসাময়িক বিশ্বের একটি গুরুত্বপূর্ণ নৈতিক প্রশ্নে অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকেনি এবং ফিলিস্তিনিদের পক্ষে কণ্ঠ তুলেছে।মেহেদি তাজ আরও উল্লেখ করেন, এমন সময়ে স্পেন বিশ্ব ফুটবলের শীর্ষে উঠেছে, যখন দেশটির সরকার ও জনগণের মানবিক অবস্থান বিশ্বের বহু মানুষের শ্রদ্ধা অর্জন করেছে।

বার্তার শেষাংশে তিনি বলেন, ফুটবল তখনই সর্বোচ্চ মর্যাদা লাভ করে, যখন এটি শুধু খেলোয়াড়দের প্রতিভা প্রদর্শনের ক্ষেত্র না হয়ে বিশ্বের বিভিন্ন জাতির মধ্যে বন্ধুত্ব, ন্যায়বিচার, শান্তি ও সংহতির বার্তা বহন করে।উল্লেখ্য, ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতে নেয় স্পেন।

সূত্র: ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত মেহেদি তাজের অভিনন্দন বার্তা।

/বিএসএস