• ঢাকা
  • বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ১২:৫৭ এএম


পারিবারিক কলহের জেরে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে শিশুকে আছাড় মেরে হত্যা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৯ জুলাই ২০২৬ ১০:০২ পিএম

রাজধানীর তুরাগে পারিবারিক কলহের জেরে সাত মাস বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। মায়ের কোল থেকে শিশুকে ছিনিয়ে নিয়ে মাটিতে আছড়ে ফেলায় গুরুতর আহত হয় শিশুটি। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।ঘটনাটি ঘটে গত বুধবার সন্ধ্যায় তুরাগের কামারপাড়া এলাকার ফুলবাড়িয়া বস্তিতে।

নিহত শিশুটির নাম রাফা মনি। পরিবারের একমাত্র সন্তান ছিল সে।শিশুটির মা লিমা আক্তার জানান, তার স্বামী কবির হোসেন পেশায় রিকশাচালক। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বুধবার সন্ধ্যায় তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কবির হোসেন লিমা আক্তারের কোল থেকে রাফা মনিকে ছিনিয়ে নিয়ে মাটিতে আছড়ে ফেলেন। এতে শিশুটি গুরুতর আহত হয়।

তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রাখেন। তবে সব চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।লিমা আক্তারের অভিযোগ, তার স্বামী নিয়মিত কাজ করতেন না এবং মাদকাসক্ত ছিলেন। এ বিষয়গুলোকে কেন্দ্র করে তাদের সংসারে প্রায়ই অশান্তি ও কলহ লেগে থাকত।ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযুক্ত কবির হোসেনকে আটক করে।

পরে শিশুটির মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে কবির হোসেনের মাদকাসক্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।এদিকে, নির্দোষ এক শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দা ও স্বজনরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

/বিএসএস