• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১২ এএম


পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৯ জুলাই ২০২৬ ৮:১২ পিএম

বাংলাদেশের নতুন ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি। নতুন নকশার অংশ হিসেবে শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও ওয়াসিম আকরামের স্মারক জলছাপ পাসপোর্টের নির্ধারিত পাতায় সংযুক্ত করা হবে।রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, ই-পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পৃষ্ঠায় জলছাপ হিসেবে স্থান পাবে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি।

এর মাধ্যমে আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও ওয়াসিম আকরামসহ সেই আন্দোলনে আত্মত্যাগকারী তরুণদের স্মরণীয় মুহূর্ত আন্তর্জাতিক ভ্রমণ নথির অংশ হয়ে উঠবে।নতুন নকশায় দেশের ইতিহাস ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে পাসপোর্টের বিভিন্ন পৃষ্ঠায় জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, লালবাগ দুর্গ, পানাম নগর এবং কার্জন হলের জলছাপ যুক্ত করা হয়েছে।এ ছাড়া প্রাকৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবন, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর ও নীলগিরির ছবি ব্যবহার করা হবে।

পাশাপাশি জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি দোয়েল, জাতীয় মাছ ইলিশ, জাতীয় ফল কাঁঠাল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’-ও নতুন নকশায় স্থান পেয়েছে।প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, পাসপোর্টের ডাটা পেজে আগের মতোই ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ’ থাকার বিষয়টি বহাল থাকবে। এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

/বিএসএস