নেশার টাকা জোগাড় করতে ভাগনের বাইসাইকেল চুরির অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন এক বোন। ঘটনাটি ঘটেছে নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া আবেদ মোড় এলাকায়।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে চুরি হওয়া বাইসাইকেলসহ অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন ওরফে কালুকে (৩৬) গ্রেপ্তার করে পুলিশ। রোববার তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নেশার টাকা জোগাড় করতে না পেরে শনিবার বোন মোছা. মরিয়ম খাতুনের (৩৯) টিটিয়া আবেদ মোড় এলাকার বাড়ি থেকে তার ছেলের শখের বাইসাইকেলটি চুরি করে নিয়ে যান কালু। পরে বিষয়টি জানতে পেরে মরিয়ম খাতুন লালপুর থানায় নিজের ভাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর লালপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। অভিযানে পাবনার ঈশ্বরদী থানা এলাকা থেকে জাহাঙ্গীর হোসেন ওরফে কালুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে লাল ও সবুজ রঙের চুরি হওয়া বাইসাইকেলটিও উদ্ধার করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহাঙ্গীর হোসেন ওরফে কালুর বিরুদ্ধে তার বোন মামলা করেছেন। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
/এসএন