• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পিএম


চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হাম/লা-লু/টের ঘটনায় অ/স্ত্রসহ আরও ৯ জন গ্রে/প্তার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৯ জুলাই ২০২৬ ৭:৪৫ পিএম

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং ৩৫ লাখ টাকা লুটের ঘটনায় আরও নয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। গ্রেপ্তার হওয়াদের মধ্যে মামলার অন্যতম অভিযুক্ত মাইকেলও রয়েছেন। অভিযানের সময় হামলায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্রও জব্দ করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মাইকেল, তুহিন ও আকবর হোসেন হবিগঞ্জের নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলার বাসিন্দা। এছাড়া আব্দুল মুমিন, মাসাদ মিয়া, দিদার মিয়া, সানজাত হাসান ও সৈরত হোসেন হবিগঞ্জের বিভিন্ন উপজেলার বাসিন্দা। অপরদিকে সাইফুদ্দিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা।

র‍্যাবের তথ্য অনুযায়ী, গত ১১ জুলাই ডিডিএনের স্বত্বাধিকারী আদিল বিন মামুনের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে ডেভিড-ইমন পরিচয়ধারী এক ব্যক্তি এককালীন দুই কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানো হলে ১৩ জুলাই দুপুরে ৩০ থেকে ৪০ জনের একটি দল প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা চালায়।

অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা অফিসের আসবাবপত্র, কম্পিউটার, সার্ভার মনিটর, ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। একই সঙ্গে কর্মচারীদের বেতন পরিশোধের জন্য অফিসে রাখা ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

ঘটনার পর ডিডিএনের ব্যবস্থাপক বাদী হয়ে চকবাজার থানায় অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তের অংশ হিসেবে শনিবার (১৮ জুলাই) চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় নয়জনকে গ্রেপ্তার করা হয় এবং হামলায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এর আগে একই ঘটনায় গত ১৫ জুলাই আরও আটজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তদন্তসংশ্লিষ্টরা জানিয়েছেন, হামলায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান এখনও অব্যাহত রয়েছে।

/এসএন