গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অনলাইন জুয়ায় আসক্ত হয়ে প্রায় ৫ লাখ টাকা হারানোর পর আত্মহত্যা করেছেন জাবেদ আলী নামে এক ভ্যানচালক। শনিবার (১৮ জুলাই) গভীর রাতে অনলাইন ক্যাসিনো খেলার পর টাকা হারিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
নিহত জাবেদ আলী সাদুল্লাপুর উপজেলার নলডাঙা ইউনিয়নের পূর্ব খামার দশলীয়া গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরেই তিনি অনলাইন জুয়ার প্রতি আসক্ত ছিলেন। বিভিন্ন সময় আত্মীয়স্বজনের কাছ থেকে সুদের ভিত্তিতে টাকা ধার নিয়ে অনলাইন ক্যাসিনো খেলতেন। শনিবার রাতেও ক্যাসিনো খেলায় অর্থ হারানোর পর বাড়িতে ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে।
রোববার সকালে পরিবারের সদস্যরা ঘরের দরজা খুলে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে সাদুল্লাপুর থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
সাদুল্লাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শাহীন মিয়া বলেন, ‘আমরা লাশ উদ্ধার করেছি। বর্তমানে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।’
/এসএন