বিশ্বকাপ ফাইনাল ঘিরে কোটালীপাড়ায় আর্জেন্টিনা সমর্থকদের ভূরিভোজ, ৮ হাজার মানুষের খাবারের আয়োজন২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচকে ঘিরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলাজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ফাইনাল উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করা হয়েছে।
এর মধ্যে কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে আয়োজন করা হয়েছে বড় পরিসরের ভোজের অনুষ্ঠান।রোববার (১৯ জুলাই) পবনাপাড় গ্রামের আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে কে এম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাব চত্বরে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই গ্রামের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকে সমর্থকেরা সেখানে জড়ো হন। আনন্দ-উল্লাস আর উৎসবের আবহে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।শুধু পবনাপাড়ই নয়, উপজেলার বিভিন্ন ইউনিয়নেও আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে পৃথকভাবে ভূরিভোজের আয়োজন করা হয়েছে।
পাশাপাশি বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনের উদ্যোগে বড় পর্দায় ফাইনাল ম্যাচ দেখার ব্যবস্থাও করা হয়েছে। অনেক পরিবার নিজ নিজ বাড়িতেও বিশেষ খাবারের আয়োজন করেছে।পবনাপাড় গ্রামের আর্জেন্টিনা সমর্থক বরকতউল্লাহ জানান, ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালের সময় প্রথমবারের মতো তারা এমন ভূরিভোজের আয়োজন করেছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও ফাইনাল উপলক্ষে এক লাখ ৩০ হাজার টাকা দিয়ে একটি গরু কেনা হয়েছে।তিনি বলেন, “এ আয়োজন শুধু আর্জেন্টিনার সমর্থকদের জন্য নয়। এতিম ও অসহায় মানুষদের জন্যও খাবারের ব্যবস্থা করা হয়েছে, যাতে সবাই আনন্দ ভাগাভাগি করতে পারেন।”
এদিকে উপজেলা যুবদলের সদস্যসচিব ও আর্জেন্টিনা সমর্থক মান্নান শেখ জানান, কান্দি ইউনিয়নে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে ১২টি স্থানে প্রায় ৮ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। বড় পর্দায় ফাইনাল ম্যাচ উপভোগের পাশাপাশি সেখানে আগত দর্শকদেরও আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে।বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচকে ঘিরে কোটালীপাড়াজুড়ে এমন ব্যতিক্রমী আয়োজন ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে।
/বিএসএস