• ঢাকা
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ এএম


মুসলিমদের আল্লাহর নামগুলোর জ্ঞান অর্জনের আহ্বান কাবার ইমামের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৮ জুলাই ২০২৬ ১০:২৩ পিএম

আল্লাহ তাআলার মহান দুই নাম ‘আল-হাই’ (চিরঞ্জীব) ও ‘আল-কাইয়ুম’ (স্বয়ংসম্পূর্ণ)-এর অর্থ, গুরুত্ব এবং ইসলামী আকীদায় এর গভীর তাৎপর্য তুলে ধরেছেন পবিত্র মসজিদুল হারামের ইমাম শায়খ মাহের আল-মুআইকলি। শুক্রবার জুমার খুতবায় তিনি মুসলিমদের আল্লাহর সুন্দর নামসমূহ সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।খুতবায় শায়খ মাহের আল-মুআইকলি বলেন, আল্লাহর নাম ও গুণাবলি সম্পর্কে জ্ঞান অর্জন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ জ্ঞান। তিনি উল্লেখ করেন, ‘আল-হাই’ ও ‘আল-কাইয়ুম’ এমন দুটি মহান নাম, যার মধ্যে মহান আল্লাহর পরিপূর্ণ গুণাবলি, ক্ষমতা ও সর্বাঙ্গীন বৈশিষ্ট্যের ব্যাপক প্রকাশ রয়েছে।

তিনি মুসলমানদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, আল্লাহর নামগুলোর অর্থ ও তাৎপর্য গভীরভাবে অনুধাবন করতে হবে, তাঁর ওপর অটুট ভরসা রাখতে হবে এবং বিশেষ করে যেকোনো সংকট ও বিপদের সময়ে বেশি বেশি দোয়া ও জিকিরে নিজেকে নিয়োজিত রাখতে হবে।এদিকে একই দিনে মদিনার পবিত্র মসজিদে নববীতে জুমার খুতবায় বৈবাহিক সম্পর্কের গুরুত্ব নিয়ে আলোচনা করেন মসজিদে নববীর ইমাম শায়খ হুসাইন আল আলে শায়খ।

তিনি বলেন, ইসলাম ভালোবাসা, পারস্পরিক বোঝাপড়া ও দয়ার ভিত্তিতে বৈবাহিক সম্পর্ক গড়ে তোলার শিক্ষা দেয় এবং পারিবারিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে।খুতবায় তিনি আরও বলেন, বৈবাহিক জীবনে কোনো সমস্যা দেখা দিলে প্রথমেই ধৈর্য, সমঝোতা ও সম্ভাব্য সব ধরনের মীমাংসার পথ অনুসন্ধান করা উচিত। সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরই কেবল বিচ্ছেদকে শেষ অবলম্বন হিসেবে বিবেচনা করা উচিত।

শায়খ হুসাইন আল আলে শায়খ সতর্ক করে বলেন, পারিবারিক জীবনে ক্ষতির আশঙ্কা তৈরি করতে পারে—এমন কোনো সিদ্ধান্ত হুট করে নেওয়া উচিত নয়। একটি স্থিতিশীল পরিবার টিকিয়ে রাখতে স্বামী-স্ত্রী উভয়েরই পারস্পরিক সম্পর্ক ও বন্ধন রক্ষায় সচেষ্ট থাকতে হবে। একই সঙ্গে অপ্রয়োজনীয় এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে, যা পরিবারের ঐক্য ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে।

/বিএসএস