• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৭ এএম


নিউইয়র্কে পা রাখলেই নেতানিয়াহুকে গ্রেফতার: মামদানি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৮ জুলাই ২০২৬ ১০:১৭ পিএম

জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে আগামী সেপ্টেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্ক সফরে এলে তাকে গ্রেপ্তার করা সম্ভব কি না, সে বিষয়ে আইনি সম্ভাবনা খতিয়ে দেখছে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির প্রশাসন।

শনিবার নিউইয়র্ক টাইমস–এর এক প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুকে আটক করার জন্য কোনো আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব কি না, তা নিয়ে নিউইয়র্ক সিটির আইন বিভাগের সঙ্গে আলোচনা চলছে।সম্প্রতি নিউইয়র্ক টাইমস–এর পডকাস্ট দ্য ইন্টারভিউ–তে দেওয়া সাক্ষাৎকারে মেয়র জোহরান মামদানি বলেন, “আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্থান হেগে।” তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ এনেছে এবং তার কর্মকাণ্ডের কারণে অনেকেই একই মত পোষণ করেন।

তবে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে নেতানিয়াহুকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার মতো আইনি ক্ষমতা তার রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত নন মামদানি নিজেও। এ প্রসঙ্গে তিনি বলেন, “নিউইয়র্ক সিটিতে আইন আমাকে যা করার অনুমতি দেবে, আমরা সেটাই করব। তবে সেই উদ্দেশ্যে আমরা নিজেদের আইন তৈরি করব না।”অন্যদিকে, নিউইয়র্কে নিযুক্ত ইসরায়েলের কনসাল জেনারেল ওফির আকুনিস মামদানির বক্তব্য প্রত্যাখ্যান করেছেন।

তার দাবি, নেতানিয়াহুকে গ্রেপ্তার করার কোনো আইনি কর্তৃত্ব নিউইয়র্ক সিটির মেয়রের নেই।এর আগে ২০২৫ সালের মেয়র নির্বাচনী প্রচারণার সময়ও মামদানি বলেছিলেন, গাজায় সংঘটিত ঘটনাবলিতে নেতানিয়াহুর ভূমিকার কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করার পক্ষে তিনি অবস্থান নেবেন।

এদিকে, ইসরায়েলের জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জানিয়েছেন, এসব বক্তব্য বা হুমকির কারণে নেতানিয়াহুর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না। তার ভাষ্য, নেতানিয়াহু নির্ধারিত সময়েই নিউইয়র্কে গিয়ে জাতিসংঘের মঞ্চে ইসরায়েলের অবস্থান তুলে ধরবেন।

/বিএসএস