• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৭ এএম


নেতানিয়াহু ক্ষমতায় থাকলে ২৫ শতাংশ ইহুদি দেশ ছাড়বে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৮ জুলাই ২০২৬ ৭:০৬ পিএম

ইসরায়েলের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি জনমত জরিপ। প্রভাবশালী টেলিভিশন চ্যানেল ১২–এর জরিপের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, আগামী জাতীয় নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ক্ষমতায় ফিরলে দেশটির প্রায় ২৩ শতাংশ নাগরিক ইসরায়েল ছেড়ে যাওয়ার কথা ভাবছেন।জরিপ অনুযায়ী, অংশগ্রহণকারী ৬৮ শতাংশ নাগরিক জানিয়েছেন, তারা দেশ ছাড়ার কোনো পরিকল্পনা করছেন না। তবে বাকি উত্তরদাতারা এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

একই জরিপে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের সদ্য পাস করা একটি বিতর্কিত আইন নিয়েও জনমত উঠে এসেছে। এতে দেখা যায়, ৬৭ শতাংশ নাগরিক ওই আইনের বিরোধিতা করেছেন। আইনের মাধ্যমে তাওরাত অধ্যয়নকে আধা-সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে। পাশাপাশি, বাধ্যতামূলক সামরিক সেবায় অংশ না নেওয়া কট্টর অর্থোডক্স ইহুদিদের বিরুদ্ধে গ্রেফতারি পদক্ষেপ থেকে সুরক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে।

অন্যদিকে, জরিপে অংশ নেওয়া মাত্র ২১ শতাংশ নাগরিক এই আইনের পক্ষে মত দিয়েছেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধর্মীয় গোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা এই আইন এবং নেতানিয়াহুর সম্ভাব্য নতুন মেয়াদ—উভয় বিষয়ই ইসরায়েলের একাংশের নাগরিকের মধ্যে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে। এর ফলেই দেশ ছাড়ার প্রবণতা ও আগ্রহ বাড়ছে বলে তারা মনে করছেন।

/বিএসএস