• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৫ এএম


‘জয় বাংলা’ উচ্চারণের ঘটনায় ব্যাখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করলেন এনসিপি নেতা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৮ জুলাই ২০২৬ ৪:৫৭ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক পথসভায় বক্তব্যের সময় ‘জয় বাংলা’ উচ্চারণের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দলটির উপজেলা শাখার আহ্বায়ক মো. শফিজল ইসলাম। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন এবং ঘটনাটিকে অনিচ্ছাকৃত বলে দাবি করেন।

লিখিত বক্তব্যে শফিজল ইসলাম জানান, গত ১৬ জুলাই সাদুল্লাপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘দেশ গড়তে জুলাই জাগরণ পথযাত্রা ও পথসভা’ শীর্ষক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। ওই সভার বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ‘জয় হোক জামালপুর ইউনিয়নবাসীর, জয় হোক সাদুল্লাপুরবাসীর’ বলতে গিয়ে ভুলবশত ‘জয় বাংলা’ বলে ফেলেন।

তিনি বলেন, শব্দটি সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে তার মুখ থেকে বেরিয়ে গেছে এবং এটি ছিল কেবল একটি বলার ভুল। এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করে তিনি সাদুল্লাপুরবাসী, দলীয় নেতাকর্মীসহ সবার কাছে বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, তিনি কখনোই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। বক্তব্যের শেষদিকে তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ’ এবং ‘জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ’ স্লোগান উচ্চারণ করেন।

এদিকে, বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হলে এনসিপির গাইবান্ধা জেলা কমিটি শফিজল ইসলামকে শোকজ করে।

শুক্রবার জেলা আহ্বায়ক এস এম খাদেমুল ইসলাম খুদি স্বাক্ষরিত এক নোটিশে তার কাছে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, শফিজল ইসলাম এবং এস এম খাদেমুল ইসলাম খুদি অতীতে জাসদের যুবজোটের উপজেলা পর্যায়ের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। শফিজল ইসলাম পেশায় একজন মাংস ব্যবসায়ী। তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৪ নম্বর জামালপুর ইউনিয়নের বাসিন্দা।

/এসএন