• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম


বিয়ের একদিন পর মসজিদে মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ, শোকে মামারও মৃত্যু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ জুলাই ২০২৬ ৫:৪২ পিএম

নীলফামারীর ডিমলা উপজেলায় বিয়ের মাত্র একদিন পর মসজিদের ভেতর থেকে আব্দুল মালেক (২৫) নামে এক মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় ভাগনের মৃত্যুর খবর সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তার আপন মামা আহিদুল ইসলাম (৪০)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) মধ্যরাতে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের মুনাকাশা কাকড়া চৌপতি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক উপজেলার মুনাকাশা গ্রামের নুরুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার আব্দুল মালেকের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের মাত্র একদিন পর মধ্যরাতে স্থানীয় মুসল্লিরা মসজিদের ভেতরের ছাদের কাঠামোর সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এদিকে, বিয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই ভাগনের এমন আকস্মিক মৃত্যুর খবর শুনে স্তব্ধ হয়ে যান তার মামা আহিদুল ইসলাম। ভাগনের মরদেহ দেখতে এসে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী বলেন, বিয়ের মাত্র একদিন পর মালেকের মৃত্যু এবং ভাগনের মৃত্যুর শোকে মামার প্রাণ হারানোর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এএসএফ