• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ পিএম


পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ জুলাই ২০২৬ ১১:৩৫ এএম

পাবনার সুজানগর উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ও কনস্টেবল সবুজ আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মথুরাপুরের দোপপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ। আহত দুই পুলিশ সদস্য স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ উপলক্ষে এলাকায় মানুষের উপস্থিতি ছিল। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখা ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে দুটি গাড়িতে করে পুলিশের একটি টহল দল মথুরাপুরের দোপপাড়া এলাকায় যায়।

পুলিশের দাবি, টহল দল এলাকায় পৌঁছানোর পর স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এরপর কয়েকশ মানুষ দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ওসি মোজাফফর হোসেন ও কনস্টেবল সবুজ আহত হন।

পুলিশের এক কর্মকর্তা জানান, ১০ থেকে ১৫ সদস্যের টহল দল ঘটনাস্থলে গিয়ে শতাধিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীকে দেখতে পায়। পুলিশকে লক্ষ্য করে মাইকে ঘোষণা দেওয়ার পর আরও কয়েকশ মানুষ সেখানে জড়ো হয়ে হামলা চালায়।

এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবের উপস্থিতিতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

তবে আব্দুল ওহাব এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তিনি জেলার বাইরে অবস্থান করছেন এবং এলাকায় যেতে পারেন না। তার ভাষ্য, খেলা শেষে স্থানীয় কিছু তরুণ খিচুড়ি খাচ্ছিলেন। এ সময় পুলিশ কয়েকজনকে আটক করলে এলাকাবাসী, এমনকি নারীরাও বেরিয়ে এসে তাদের ছাড়িয়ে নেন। পরে পুলিশের গাড়িতে হামলা ও দুজন পুলিশ সদস্য আহত হওয়ার কথা তিনি শুনেছেন।

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, হামলায় ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এএসএফ