ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামে এক শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধের পানের বরজ কেটে উজাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। রাতের আঁধারে সংঘটিত এ ঘটনায় জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন বৃদ্ধ আলেক কাজী ও তার স্ট্রোকজনিত কারণে পক্ষাঘাতগ্রস্ত, শয্যাশায়ী স্ত্রী। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা পানের বরজ ধ্বংস হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছে তাদের পরিবার।
বুধবার (১৫ জুলাই) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা বরজের সব পানগাছ কেটে ফেলে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুধরাজপুর গ্রামের বাসিন্দা শ্রবণ প্রতিবন্ধী আলেক কাজী কোনো রকমে পানের বরজের আয় দিয়েই সংসার চালাতেন। এই বরজ থেকে পাওয়া সামান্য আয়ের ওপরই নির্ভর করত তাদের দুবেলা খাবারের ব্যবস্থা এবং দীর্ঘদিন ধরে শয্যাশায়ী স্ত্রীর প্রয়োজনীয় ওষুধের খরচ। কিন্তু একদল দুষ্কৃতকারী রাতের অন্ধকারে বরজের সব পানগাছ কেটে মাটির সঙ্গে মিশিয়ে দেয়।
৭০ বছর বয়সী আলেক কাজী ও তার চলাফেরায় অক্ষম স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে জানান, বাড়ি থেকে কিছুটা দূরে তাদের ১০ কাঠা জমির ওপর পানের বরজটি ছিল। প্রতিদিনের মতো বুধবার ভোরে নামাজ শেষে বরজে গিয়ে তিনি দেখেন, পুরো বরজের প্রতিটি পানগাছের গোড়া কেটে ফেলা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, পানের বরজটি সম্পূর্ণ উজাড় হয়ে পড়ে আছে। নির্বাক আলেক কাজী ও তার অসুস্থ স্ত্রীর আহাজারি দেখে প্রতিবেশীরাও আবেগাপ্লুত হয়ে পড়েন। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে পরিবারটি এখন চরম সংকটে রয়েছে। কীভাবে সংসার চলবে এবং অসুস্থ স্ত্রীর চিকিৎসার খরচ কীভাবে জোগাড় হবে, তা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পাওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
/এসএন