• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২১ এএম


স্বামীর সঙ্গে ঝগড়ার পর গড়াই নদীতে ঝাঁপ, কলেজছাত্রী নিখোঁজ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ জুলাই ২০২৬ ১১:০০ এএম

কুষ্টিয়ার কুমারখালীতে স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে শোরমিলা খাতুন (২৩) নামে এক কলেজছাত্রী গড়াই নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার যদুবয়রা গড়াই সেতু থেকে তিনি নদীতে ঝাঁপ দেন বলে জানিয়েছে পুলিশ।নিখোঁজ শোরমিলা খাতুন কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের আশিকুর রহমানের স্ত্রী।

তিনি কুষ্টিয়া সরকারি কলেজের বিএসসি (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শোরমিলা গড়াই সেতুর ওপর নিজের কলেজ ব্যাগ রেখে নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা ব্যাগে থাকা পরিচয়পত্র দেখে তার পরিচয় নিশ্চিত করেন এবং পরিবারের সদস্যদের পাশাপাশি পুলিশকে বিষয়টি জানান।খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ শিক্ষার্থীর স্বামী আশিকুর রহমান জানান, মঙ্গলবার সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে শোরমিলা রাগ করে পরীক্ষা দিতে কলেজে চলে যান। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় হাসপাতাল, পার্কসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। রাতের দিকে এক ব্যক্তি ফোন করে জানান, শোরমিলা গড়াই নদীতে ঝাঁপ দিয়েছেন।কুমারখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, উদ্ধার অভিযানে সহায়তার জন্য খুলনা থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করবেন।কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, এক কলেজছাত্রী নদীতে ঝাঁপ দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

/বিএসএস