টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন ছিল ফ্রান্সের। তবে ডালাসে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে সেই স্বপ্ন ভেঙে যায় লে ব্লুদের। ম্যাচ শেষে পরাজয়ের হতাশার পাশাপাশি রেফারিং নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম।
সেমিফাইনাল ম্যাচটি পরিচালনা করেন এল সালভাদরের রেফারি ইভান বার্তন, যিনি পেশায় একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকও। তার একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন দেশম।
ম্যাচ শেষে তিনি বলেন, ‘এই রেফারির কি আদৌ বিশ্বকাপ সেমিফাইনালের মতো ম্যাচ পরিচালনা করার যোগ্যতা আছে? এখন কিছু বললে মনে হবে হেরে গিয়ে কাঁদছি। তবে এটা শুধু পেনাল্টির বিষয় নয়; অনেকগুলো ভুল সিদ্ধান্তের সমষ্টি। উত্তরটা আমি না, আপনারাই দিন।’
ম্যাচ চলাকালে রেফারি ইভান বার্তনের সঙ্গে ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকেও তর্কে জড়াতে দেখা যায়।
বিশ্বকাপজয়ী খেলোয়াড় ও কোচ দেশম বলেন, ম্যাচে কয়েকটি ফাউল এবং শারীরিক সংঘর্ষের ঘটনায় রেফারির সিদ্ধান্ত তার কাছে বোধগম্য হয়নি।
তার ভাষায়, ‘আমি রেফারির সব সিদ্ধান্ত বুঝতে পারিনি। কিছু পরিস্থিতিতে মনে হয়েছে সিদ্ধান্তগুলো আমাদের বিপক্ষে গেছে।’
তবে রেফারিং নিয়ে প্রশ্ন তুললেও স্পেনের জয়কে প্রাপ্য বলেই স্বীকার করেছেন দেশম।
তিনি বলেন, ‘স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে। আমরা অনেক ভুল করেছি। বলের দখল ও কৌশলগত দিক থেকে তারা এগিয়ে ছিল।’
ম্যাচের ২২তম মিনিটে মিকেল ওইয়ারসাবালের পেনাল্টি গোলে এগিয়ে যায় স্পেন। দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে পেদ্রো পোরো ব্যবধান দ্বিগুণ করলে ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে লা রোহারা।
অন্যদিকে, সেমিফাইনালে বিদায় নেওয়া ফ্রান্স এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। আগামী শনিবার অনুষ্ঠিতব্য সেই ম্যাচই ফ্রান্সের কোচ হিসেবে দিদিয়ের দেশমের শেষ ম্যাচ হবে।
/এএসএফ