• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম


২০৩০ বিশ্বকাপে খেলার ইঙ্গিত দিলেন নেইমার?

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ জুলাই ২০২৬ ১১:০৬ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো থেকে নরওয়ের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। ম্যাচ শেষে দলের অন্যতম তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের আবেগঘন মন্তব্য ঘিরে শুরু হয়েছে জাতীয় দল থেকে তার অবসর নিয়ে ব্যাপক আলোচনা।ম্যাচ শেষে নেইমার বলেন, “আমি চেষ্টা করেছি। সত্যিই চেষ্টা করেছি। এখানেই (মেটলাইফ স্টেডিয়ামে) আমার যাত্রা শুরু হয়েছিল, আর এখানেই শেষ হলো। এখন সব শেষ।”তার এই বক্তব্যের পর অনেক সমর্থকই মনে করছেন, ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপে এটিই ছিল নেইমারের শেষ ম্যাচ। তবে আরেকটি অংশের বিশ্বাস, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য ২০৩০ বিশ্বকাপে ফেরার সম্ভাবনা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি।

তাদের মতে, চলতি আসরে লিওনেল মেসি ৩৯ বছর এবং ক্রিশ্চিয়ানো রোনালদো ৪১ বছর বয়সেও খেলেছেন। তাই বয়সকে বড় বাধা হিসেবে দেখছেন না তারা।চলতি বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচে মাঠে নামেন নেইমার। শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে পেনাল্টি থেকে একটি গোলও করেন তিনি।এদিকে কনটেন্ট নির্মাতা নার্ড সোলের তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটির ক্যাপশনে প্রশ্ন রাখা হয়, “এখনো কি সময় আছে? শেষবারের মতো কি বিশ্বকাপ খেলতে পারবেন নেইমার?”ভিডিওটিতে ২০২৬ সালের নেইমারকে নিজের শৈশবের সংস্করণের সঙ্গে কথোপকথনে দেখা যায়। সেখানে বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ প্রকাশ করেন বর্তমানের নেইমার। পরে ভবিষ্যতের এক দৃশ্যে ২০৩০ সালের নেইমারকে বিশ্বকাপ ট্রফি হাতে দেখানো হয়। ছোটবেলার নেইমার ভবিষ্যতের নিজেকেই আরেকবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণে লড়াই চালিয়ে যেতে অনুপ্রাণিত করেন।ভিডিওটি দেখে নেইমার মন্তব্যের ঘরে কয়েকটি আবেগঘন ইমোজি পোস্ট করেন। তার সেই প্রতিক্রিয়া অল্প সময়ের মধ্যেই প্রায় ২০ লাখ লাইক পায়।

এরপর থেকেই ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে—হয়তো ২০৩০ বিশ্বকাপে ফের জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে ব্রাজিলিয়ান এই তারকাকে।তবে বিশ্বকাপ থেকে বিদায়ের পর আবেগঘন মন্তব্য করলেও জাতীয় দল থেকে অবসরের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি নেইমার।অন্যদিকে ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল এস্পোর্তে দাবি করেছে, জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত ইতোমধ্যেই চূড়ান্ত করে ফেলেছেন নেইমার এবং ২০৩০ বিশ্বকাপে তাকে দেখা যাবে না। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির দীর্ঘমেয়াদি পরিকল্পনায়ও নেইমারের জায়গা নেই। পাশাপাশি ক্লাব সান্তোসে তার ভবিষ্যৎ নিয়েও শিগগিরই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

/বিএসএস