ভারতের বঙ্গোপসাগর উপকূলে নিখোঁজ একটি মাছ ধরার ট্রলার থেকে ৯ জন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ট্রলারটিতে থাকা আরও ৬ জেলের এখনো কোনো সন্ধান মেলেনি। স্থানীয় পুলিশ জানিয়েছে, তাদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।সোমবার (১৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল এ তথ্য প্রকাশ করেছে।প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪ জুলাই পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বকখালী ও সুন্দরবন উপকূলবর্তী এলাকায় প্রতিকূল আবহাওয়ার মধ্যে ট্রলারটি নিখোঁজ হয়ে যায়। ওই ট্রলারে মোট ১৫ জন জেলে ছিলেন।
টানা আট দিন ধরে ট্রলারটির কোনো খোঁজ না মিললেও রোববার দক্ষিণ ২৪ পরগনার বকখালী উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরের একটি চরের কাছে ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়।পরে স্থানীয় প্রশাসনের তথ্যের ভিত্তিতে বন অধিদপ্তর ও ভারতীয় উপকূলরক্ষী বাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে ট্রলারটি উদ্ধার করে সীতারামপুরে নিয়ে আসে। রাতভর তল্লাশি শেষে ট্রলারের ভেতর থেকে ৯ জন জেলের মরদেহ উদ্ধার করা হয়।এদিকে এখনো নিখোঁজ থাকা ৬ জেলের স্বজনরা চরম উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের শঙ্করপুর উপকূলের জেলেপল্লিতেও শোকের ছায়া নেমে এসেছে।
/বিএসএস