• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পিএম


চ্যাম্পিয়নস লিগ

বার্সেলোনাকে বিদায় করে ৯ বছর পর সেমিফাইনালে আতলেতিকো

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ এপ্রিল ২০২৬ ৯:৩১ এএম

প্রত্যাবর্তনের স্বপ্ন দেখিয়েও শেষ পর্যন্ত থামতেই হলো বার্সেলোনাকে। দারুণ লড়াই করে ফিরতি লেগে ২-১ গোলের জয় পেলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে ছিটকে গেল কাতালান জায়ান্টরা। অন্যদিকে, ঘরের মাঠে হারের পরও সামগ্রিক ফলাফলে এগিয়ে থেকে ২০১৭ সালের পর আবারও আতলেতিকো মাদ্রিদ জায়গা করে নিলো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে উঠতে বার্সেলোনার দরকার ছিল অন্তত ৩ গোল, তাও আবার কোনো গোল হজম না করেই। কিন্তু বাস্তবতা তাদের সেই সুযোগ দেয়নি। ফলে ২০১৪ ও ২০১৬ সালের পর আরও একবার আতলেতিকোর কাছেই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হলো বার্সাকে।

তবে ম্যাচের শুরুটা ছিল স্বপ্নময়। ২৪ মিনিটের মধ্যেই ইয়ামাল ও তোরেসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় হ্যান্সি ফ্লিকের দল। এতে দুই লেগ মিলিয়ে সমতা ফেরে ২-২-এ, যা নতুন করে আশার আলো দেখায় বার্সা শিবিরে।

কিন্তু সেই আনন্দ স্থায়ী হয়নি বেশি সময়। ৩১ মিনিটেই লুকমানের গোলে ব্যবধান কমায় আতলেতিকো। এই গোলেই দুই লেগ মিলিয়ে আবার এগিয়ে যায় স্বাগতিকরা, আর বার্সার জন্য পরিস্থিতি হয়ে ওঠে আরও কঠিন।

দ্বিতীয়ার্ধে গোলের খোঁজে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। ৫৫ মিনিটে ফারনান তোরেসের আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। এছাড়া ওলমো-লেভানডোভস্কিরাও সুযোগ নষ্ট করেন। ম্যাচের শেষদিকে এরিক গার্সিয়া লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বার্সা, যা তাদের প্রত্যাবর্তনের সম্ভাবনাকে আরও ক্ষীণ করে দেয়।

শেষ পর্যন্ত ম্যাচে ২-১ গোলের জয় পেলেও সামগ্রিক ব্যবধানে পিছিয়ে থেকেই বিদায় নিতে হয় বার্সেলোনাকে। আর নাটকীয় এই লড়াইয়ে এগিয়ে থেকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে আতলেতিকো মাদ্রিদ।