• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০১:৩২ পিএম


যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বেড়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুলাই ২০২৬ ১২:৪২ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে এর প্রভাব পড়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৩ জুলাই) লেনদেন শুরুর পরপরই ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৫০ ডলারে পৌঁছায়। এর আগে ব্রেন্টের দাম নেমে এসেছিল ব্যারেলপ্রতি ৭০ দশমিক ১৪ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৮৩ ডলারে ওঠে।

জ্বালানি বিশেষজ্ঞ এবং জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ভিজিটিং ফেলো ওমিদ শোকরি আল জাজিরাকে বলেন, বর্তমান সংঘাত অব্যাহত থাকলে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারেরও বেশি হতে পারে। কারণ, ভূরাজনৈতিক ঝুঁকি বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা তেলের দামে অতিরিক্ত ঝুঁকির মূল্য যোগ করছেন।

তিনি বলেন, সবচেয়ে বড় শঙ্কা তৈরি হবে যদি সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল ব্যাহত হয় অথবা উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদন ও রপ্তানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

ওমিদ শোকরির মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতির সমঝোতা যতদিন অনিশ্চিত থাকবে, ততদিন আন্তর্জাতিক বাজারে তেলের দামও তুলনামূলকভাবে উচ্চ অবস্থানে থাকতে পারে।

তিনি আরও বলেন, পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও বাজারে দামের ওঠানামা অব্যাহত থাকবে। শেষ পর্যন্ত তেলের দাম কতদিন উচ্চ পর্যায়ে থাকবে, তা নির্ভর করবে সরবরাহ কতটা ব্যাহত হয় তার ওপর; শুধু দুর্বল যুদ্ধবিরতি চুক্তির ওপর নয়।

সূত্র: আল জাজিরা

/এএসএফ