টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত দেশের ১১ জেলায় উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রোববার (১২ জুলাই) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর জেলায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। দুর্গত মানুষদের উদ্ধার, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, ত্রাণসামগ্রী বিতরণ, জরুরি চিকিৎসাসেবা প্রদান, ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় কাজ করছেন তারা।
বিজিবি জানিয়েছে, দুর্যোগ মোকাবিলায় এসব জেলার মোট ৯০টি পয়েন্টে সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার ও মানবিক সহায়তা নিশ্চিত করা হচ্ছে।
এদিকে, বান্দরবানের বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ১১৬ জন পর্যটকসহ ১২২টি পরিবারের ৬ শতাধিক মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্গতদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে এবং ৪৮ জনকে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
এ ছাড়া বান্দরবান-রোয়াংছড়ি সড়কে উপড়ে পড়া গাছ ও ধ্বংসাবশেষ অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে কাজ করছে বিজিবি। একই সঙ্গে নাইক্ষ্যংছড়িতে ভূমিক্ষয়ের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া একটি স্টিলের সেতু রক্ষায় জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাহিনীটি।
/এএসএফ