• ঢাকা
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ এএম


ঢাবির বিভিন্ন হলে জলাবদ্ধতা, ভ্যান-খাবার-পানির ব্যবস্থা করল ডাকসু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ জুলাই ২০২৬ ১০:২৮ পিএম

টানা বৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজিলাতুন্নেছা হল, কুয়েত মৈত্রী হল, ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হলসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে আবাসিক শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

রোববার (১২ জুলাই) ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতারা জলাবদ্ধ এলাকাগুলো পরিদর্শন করে শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে কয়েকটি তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেন।

ডাকসুর পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের জরুরি যাতায়াত নিশ্চিত করতে ভ্যানের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বাসের ট্রিপও বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে কুয়েত মৈত্রী হল ও ফজিলাতুন্নেছা হলের সামনে শিক্ষার্থীদের বিনামূল্যে পারাপারের জন্য চারটি ভ্যান সরবরাহ করা হয়েছে।

এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে আবাসিক শিক্ষার্থীদের জন্য জেনারেটরের মাধ্যমে বিকল্প বিদ্যুৎ সরবরাহ এবং প্রয়োজনীয় মোমবাতির ব্যবস্থাও করা হচ্ছে।

শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি ও শুকনো খাবার সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ওয়াসার সহযোগিতায় দুই গাড়ি পানি আনার ব্যবস্থা করা হয়েছে।

দ্রুত জলাবদ্ধতা নিরসনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্টেট অফিস ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে মাঠে কাজ করার অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছে ডাকসু।

এদিকে চলমান পরিস্থিতিতে নির্ধারিত পরীক্ষাগুলো নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট বিভাগ ও পরীক্ষা কমিটির সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

ডাকসু দাবি করেছে, প্রতি বছর একইভাবে জলাবদ্ধতার পুনরাবৃত্তি রোধে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, স্থায়ী পানি নিষ্কাশন ও কার্যকর ইকোসিস্টেম গড়ে তোলার জন্য তারা আগেও সিটি করপোরেশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সুস্পষ্ট প্রস্তাবনা দিয়েছিল। তবে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

ডাকসু আরও জানায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠেও কোমরসমান পানি জমে রয়েছে। মাঠের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য প্রায় দুই কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হলেও অর্থ বরাদ্দের পরও তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

ডাকসু জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাভাবিক ক্যাম্পাস নিশ্চিত করতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিন জলাবদ্ধ এলাকা পরিদর্শন ও শিক্ষার্থীদের সহায়তা কার্যক্রমে ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের ভিপি আহসান হাবিব ইমরোজসহ সংশ্লিষ্ট হল সংসদের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এএসএফ