যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে পারিবারিক সহিংসতার এক মর্মান্তিক ঘটনায় গুগলের এক ঊর্ধ্বতন প্রযুক্তি কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় তার ২৩ বছর বয়সী ছেলেও গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত ৮টার কিছু আগে স্মার্না শহরে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, জর্জিয়ার স্মার্না শহরের একটি বাড়িতে গোলাগুলির খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে বাড়ির ভেতর থেকে ৫৭ বছর বয়সী শীতল রজেসিয়েনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।একই সময়ে দম্পতির ২৩ বছর বয়সী ছেলে জেসন রেসিয়েনকে বাড়ির বাইরে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। জরুরি উদ্ধারকর্মীরা তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় নিহতের স্বামী ৫৬ বছর বয়সী কার্ক বি রেসিয়েনকে পারিবারিক বাসভবন থেকেই গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তাকে বর্তমানে কব কাউন্টি আটক কেন্দ্রে জামিনবিহীন অবস্থায় রাখা হয়েছে।কার্ক বি রেসিয়েনের বিরুদ্ধে হত্যা, মারাত্মক হামলা এবং অপরাধ সংঘটনের সময় আগ্নেয়াস্ত্র বহনের মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। তবে এই পারিবারিক সহিংসতার পেছনের কারণ বা উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ।নিহত শীতল রজেসিয়েন প্রযুক্তি খাতের একজন সুপরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। গুগলের ইঞ্জিনিয়ারিং লিডার হিসেবে তিনি দুই দশকেরও বেশি সময় ধরে প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছিলেন।
গুগলে যোগ দেওয়ার আগে তিনি হোম ডিপোট ডট কমের মোবাইল ও ডিজিটাল রূপান্তর বিভাগের নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি আবহাওয়া ও আর্থিক প্রযুক্তি খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেন।ই-কমার্স, মোবাইল ও ওয়েব প্রযুক্তিতে বিশেষ দক্ষতার জন্য পরিচিত শীতল রজেসিয়েন দুটি সফটওয়্যার পেটেন্টেরও উদ্ভাবক ছিলেন। তিনি জর্জিয়ার আটলান্টায় স্বামী এবং দুই সন্তান জেসন ও জেসিকাকে নিয়ে বসবাস করতেন।এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় প্রবাসী ভারতীয় সম্প্রদায় এবং প্রযুক্তি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
/বিএসএস