• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ এএম


টানা বর্ষণে আবারও পানির নিচে চট্টগ্রাম, বাড়ছে জনদু’র্ভোগ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ জুলাই ২০২৬ ৩:৪০ পিএম

এক দিনের বিরতির পর আবারও ভারী বৃষ্টিতে ভিজছে চট্টগ্রাম। শনিবার (১১ জুলাই) রাত থেকে শুরু হওয়া টানা বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরিস্থিতির অবনতির কারণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা ও শ্রেণি কার্যক্রমও স্থগিত করা হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে নগরের ইস্পাহানি সি-গেট এলাকায় গিয়ে দেখা যায়, সড়কে প্রায় হাঁটুপানি জমে রয়েছে। সেই পানি মাড়িয়েই চলাচল করছে বিভিন্ন ধরনের যানবাহন। সপ্তাহের প্রথম কর্মদিবসে কর্মস্থলে যেতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অনেককে ছাতা ও রেইনকোট পরে অফিসগামী হতে দেখা গেছে।

ভারী বৃষ্টির কারণে নগরের বিভিন্ন এলাকায় রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার সংকটও দেখা দিয়েছে। যাত্রীদের অভিযোগ, যানবাহন পাওয়া গেলেও চালকেরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন।

আবহাওয়া অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তা মাহমুদুল আলম জানান, রোববার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৩৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে শেষ ১২ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ছিল ১২৯ মিলিমিটার। তিনি আরও বলেন, আগামী দুই থেকে তিন দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলের মতো চট্টগ্রামেও বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকায় নিচু এলাকায় জলাবদ্ধতা এবং পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকিও বেড়েছে।

উল্লেখ্য, গত ৪ জুলাই রাত থেকে শুরু হওয়া টানা বর্ষণ ও বন্যার প্রভাবে চট্টগ্রাম অঞ্চলে এ পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এই দুর্যোগে প্রায় সাড়ে ৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রের প্রাথমিক হিসাব অনুযায়ী, বন্যায় অন্তত ১৫ হাজার ৯১১ দশমিক ১৬ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ১৫৩টি ইউনিয়নের ৯ হাজার ৯৩৩টি পুকুর, দিঘি ও মৎস্য খামারের মাছ ভেসে যাওয়ায় প্রায় ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

/এসএন