• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০০ পিএম


মচমচে ইলিশ ভাজার সহজ ৬ কৌশল, পহেলা বৈশাখে জমুক স্বাদ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ এপ্রিল ২০২৬ ৩:৩২ পিএম

পহেলা বৈশাখ উপলক্ষে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। বাঙালির ঐতিহ্যবাহী এই দিনে খাবারের আয়োজনেও থাকে নানা বৈচিত্র্য। আর সেই তালিকায় অন্যতম আকর্ষণ ইলিশ মাছ—বিশেষ করে মচমচে ইলিশ ভাজা।

তবে অনেকেই চান ভাজাটা একদম পারফেক্ট হোক, কিন্তু কীভাবে সেই মচমচে স্বাদ পাওয়া যায়, তা নিয়ে থাকে দ্বিধা। জেনে নিন সহজ কিছু কৌশল—

প্রথমেই মাছ ধোয়ার পর ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। মাছের গায়ে পানি থাকলে ভাজা নরম হয়ে যেতে পারে।

ভাজার আগে লবণ ও অল্প হলুদ মেখে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিলে স্বাদ যেমন বাড়ে, তেমনি ভাজাটাও ভালো হয়।

এরপর কড়াইয়ের তেল ভালোভাবে গরম করতে হবে। তেল কম গরম থাকলে মাছ কড়াইয়ে লেগে যেতে পারে এবং কাঙ্ক্ষিত মচমচে ভাব আসে না।

মাছ দেওয়ার পর বারবার নাড়াচাড়া না করে এক পাশ ভালোভাবে ভাজা হলে তবেই উল্টাতে হবে। এতে বাইরের স্তরটা ক্রিস্পি হয়।

আঁচের দিকেও খেয়াল রাখা জরুরি। শুরুতে একটু বেশি আঁচে দিয়ে পরে মাঝারি আঁচে ভাজলে বাইরেটা মচমচে আর ভেতরটা নরম থাকে।

ভাজার পর টিস্যু পেপারে তুলে রাখলে অতিরিক্ত তেল ঝরে যায়, ফলে স্বাদ আরও বাড়ে।

সবশেষে, চাইলে ভাজার সময় অল্প করে চালের গুঁড়া বা ময়দা ছিটিয়ে দিলে ইলিশ ভাজা আরও বেশি মচমচে হবে।