• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৭ এএম


বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ জুলাই ২০২৬ ৯:২৬ এএম

ফিফা বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছে ইংল্যান্ড। শুরুতে গোল হজম করলেও শেষ পর্যন্ত জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে টমাস টুখেলের দল।শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বলের দখল ছিল ইংল্যান্ডের নিয়ন্ত্রণে। হ্যারি কেইন, জুড বেলিংহাম ও অ্যান্থনি গর্ডনদের নেতৃত্বে একের পর এক আক্রমণ চালায় ইংলিশরা। তবে পাল্টা আক্রমণে সুযোগ তৈরির চেষ্টা চালিয়ে যায় নরওয়েও।

প্রথমদিকে কোনো দলই গোলের দেখা পায়নি।অবশেষে ম্যাচের ৩৬তম মিনিটে শেলদেরুপের দুর্দান্ত শটে এগিয়ে যায় নরওয়ে। দূরের পোস্ট ঘেঁষে জালে জড়ানো সেই গোলটি ইংল্যান্ডকে চাপে ফেলে দেয়। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যাওয়ার পথে ছিল নরওয়ে।তবে প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অ্যান্থনি গর্ডনের নিখুঁত অ্যাসিস্ট থেকে জুড বেলিংহাম গোল করে ম্যাচে সমতা ফেরান। তার গোলে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।বিরতির পর ম্যাচটি আরও জমে ওঠে। নরওয়ে ধারাবাহিক আক্রমণে ইংল্যান্ডের রক্ষণভাগকে ব্যস্ত রাখলেও টমাস টুখেলের শিষ্যরা দৃঢ়তা দেখায়। ৭৫তম মিনিটে ক্রসবার ইংল্যান্ডকে রক্ষা করে।

এরপর ভিএআরের সহায়তায় নরওয়ের একটি গোল বাতিল হলে ম্যাচে নাটকীয়তা আরও বেড়ে যায়।ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় অতিরিক্ত সময়ে। ৯৩তম মিনিটে মরগান রজার্সের শট নরওয়ের গোলরক্ষক নিলান্ডের হাত ফসকে বেরিয়ে গেলে সুযোগটি লুফে নেন জুড বেলিংহাম। কাছ থেকে বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় ও দলের জয়সূচক গোলটি করেন তিনি।বেলিংহামের জোড়া গোলে হার এড়িয়ে দারুণ এক প্রত্যাবর্তনের জয় পায় ইংল্যান্ড।

এই জয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পাশাপাশি শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ইংলিশরা।অন্যদিকে, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা আর্লিং হালান্ডের নরওয়ের স্বপ্ন শেষ হয়ে গেল ইংল্যান্ডের কাছে হেরে।আগামী বুধবার সেমিফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে ইংল্যান্ড। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে সেই মহাগুরুত্বপূর্ণ লড়াই।

/বিএসএস