• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পিএম


টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ এপ্রিল ২০২৬ ২:৪৯ পিএম

টঙ্গী এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্প ও কৃষি মেলার উদ্বোধন করতে টাঙ্গাইল যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

সকাল পৌনে ১০টার দিকে বিআরটি প্রকল্পের উড়াল সড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় প্রধানমন্ত্রীর গাড়িবহর পৌঁছালে আগে থেকেই অবস্থান নেওয়া নেতাকর্মীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা গাড়িবহরের গতি রোধ করে নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানান।

এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। তিনি বলেন, তার ভাই নুরুল ইসলাম সরকার দীর্ঘদিন ধরে বিনা অপরাধে কারাগারে রয়েছেন এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে সাবেক এমপি আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় নুরুল ইসলাম সরকারকে আসামি করা হয় এবং ওই বছরই তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মামলার রায়ে কয়েকজনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয় এবং কয়েকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে মামলাটি বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।