বন্য প্রাণীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে টাঙ্গাইলের মধুপুর বন এলাকায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বন বিভাগ। বনকে দ্বিখণ্ডিত করে যাওয়া টাঙ্গাইল–ময়মনসিংহ মহাসড়কের ওপর বৃক্ষবাসী প্রাণীদের চলাচলের জন্য নির্মাণ করা হয়েছে বিশেষ রোপওয়ে বা দড়ির সেতু।
দীর্ঘদিন ধরে ব্যস্ত এই মহাসড়ক পার হতে গিয়ে বানরসহ বিভিন্ন বন্য প্রাণী দুর্ঘটনার শিকার হচ্ছিল। খাদ্য, আশ্রয় ও প্রাকৃতিক আবাসস্থলের সন্ধানে বনাঞ্চলের এক অংশ থেকে অন্য অংশে যেতে গিয়ে অনেক প্রাণী যানবাহনের ধাক্কায় আহত কিংবা নিহত হতো।
এ সমস্যা সমাধানে জাতীয় উদ্যান রেঞ্জের আওতায় বন বিভাগ পাঁচটি রোপওয়ে স্থাপন করেছে। গাছের সঙ্গে সংযুক্ত এসব দড়ির সেতুর মাধ্যমে বানর ও অন্যান্য বৃক্ষবাসী প্রাণী মাটিতে না নেমেই নিরাপদে মহাসড়ক পার হতে পারবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ শুধু সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতেই সহায়ক হবে না, বরং বনাঞ্চলের বিচ্ছিন্ন অংশগুলোর মধ্যে বন্য প্রাণীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করবে এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র: বন বিভাগ
/এএসএফ