• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম


‘আজ রাতেই কঠিন হামলা চলবে ইরানে’—ডোনাল্ড ট্রাম্প

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ জুলাই ২০২৬ ১১:৩৮ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের বিরুদ্ধে বুধবার রাতেই আরও কঠোর সামরিক হামলা চালানো হবে। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।

এর আগে একই সম্মেলনে ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে থাকা সমঝোতা কার্যত আর কার্যকর নেই।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আজ রাতে আমরা তাদের ওপর খুব শক্তভাবে আঘাত হানতে যাচ্ছি।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইরান ধারাবাহিকভাবে সমঝোতার শর্ত লঙ্ঘন করে যাচ্ছে।

যদিও নতুন সামরিক হামলার ঘোষণা দিয়েছেন, তবে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে জড়াবে কি না—সে বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান জানাননি মার্কিন প্রেসিডেন্ট।

ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ইরানি নেতৃত্বেরও কঠোর সমালোচনা করেন। তার ভাষ্য, ইরান আলোচনার মাধ্যমে হওয়া চুক্তির শর্ত মেনে চলছে না। তিনি ইঙ্গিত দেন, আগের দিনের হামলার পর বুধবার রাতেও যুক্তরাষ্ট্র নতুন সামরিক অভিযান চালাতে পারে।

সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প আরও বলেন, “আমি আগাম জানিয়ে রাখছি, আজ রাতে আমরা তাদের ওপর খুব কঠোর আঘাত হানব।”

এর আগে আঙ্কারায় দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে থাকা সমঝোতা স্মারক এখন আর কার্যকর নয়। তার এই মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

তবে যুদ্ধবিরতিকে স্থায়ী চুক্তিতে রূপ দিতে ভবিষ্যতে নতুন করে আলোচনা হবে কি না কিংবা ওয়াশিংটন পূর্ণমাত্রার সংঘাতে যাবে কি না—এ বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো মন্তব্য করেননি।

ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না—এ অবস্থান পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, এ লক্ষ্য অর্জনে চুক্তি থাকতেই হবে এমন নয়।

তিনি বলেন, “চুক্তি থাকুক বা না থাকুক, তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। আদৌ নতুন কোনো চুক্তি হবে কি না, তা আমি জানি না। প্রয়োজনে চুক্তি ছাড়াই আমরা এই লক্ষ্য অর্জন করতে পারি। কারণ তারা শুধু মিথ্যা বলে এবং প্রতারণা করে।”

সূত্র: রয়টার্স

/এএসএফ