• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২২ পিএম


উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসার ওপর পাহাড়ধস, নিহত ৫ শিক্ষার্থী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ জুলাই ২০২৬ ৬:৫৪ পিএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের একটি মাদ্রাসার ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন শিক্ষার্থী আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বুধবার দুপুরে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, পাহাড়ধসের সময় মাদ্রাসার ভেতরে প্রায় ৩০ জন শিশু শিক্ষার্থী অবস্থান করছিল। হঠাৎ পাহাড়ের মাটি ধসে ভবনটির একটি অংশ চাপা পড়ে। ঘটনার পর স্থানীয় রোহিঙ্গা কমিউনিটির সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করেন এবং কয়েকজন শিশুকে জীবিত উদ্ধার করেন। তবে আহত অবস্থায় উদ্ধার হওয়া কয়েকজন পরে মারা গেলে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়ায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান পাঁচ শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও জানান, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত শিক্ষার্থীদের পরিচয় জানা যায়নি।

এর আগে গত সোমবার টানা বর্ষণের কারণে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড়ধসের ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ আটজনের মৃত্যু হয়েছিল। কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলোতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

/এএসএফ