ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করা যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এমকিউ-৯ (MQ-9) ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
বুধবার (৮ জুলাই) ইরানের তাসনিম নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
আইআরজিসির মুখপাত্র হোসেন মহবি এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন, ইরানের বুশেহর প্রদেশের খোরমুজ এলাকার আকাশে প্রবেশ করা মার্কিন ড্রোনটিকে তাদের প্রতিরক্ষা ইউনিট সফলভাবে লক্ষ্যভেদ করে ভূপাতিত করেছে।
তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর চলমান তীব্র আকাশ হামলার সরাসরি জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
হোসেন মহবি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এ ধরনের ড্রোন উড্ডয়ন আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘনের শামিল। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের পরিচালিত ‘আকাশ আগ্রাসনের’ কারণেই ড্রোনটিকে লক্ষ্যবস্তু করা হয় এবং সেটিকে সফলভাবে ভূপাতিত করা সম্ভব হয়েছে।
একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের আকাশসীমা রক্ষায় দেশটির প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো অনুপ্রবেশ মোকাবিলায় তারা প্রস্তুত।
/এসএন