ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন দফার শক্তিশালী বিমান হামলার পর মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে জরুরি সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় সাধারণ জনগণকে আতঙ্কিত না হয়ে শান্ত থাকার এবং যত দ্রুত সম্ভব নিকটস্থ নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে ধারাবাহিক বিমান হামলা শুরু করার পরপরই বাহরাইনজুড়ে এই উচ্চ সতর্কতা জারি করা হয়।
মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনকে কঠোর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে যুদ্ধ অবসানের জন্য হওয়া দ্বিপক্ষীয় চুক্তি বারবার লঙ্ঘন করছে।
এদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান আরও কিছু সময় ধরে চলতে পারে। মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, চলমান এই হামলা এখনই শেষ হচ্ছে না, বরং আরও কিছু সময় অব্যাহত থাকবে।
অন্যদিকে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, এই হামলাগুলো মূলত ইরানের জন্য একটি ‘শাস্তি’, এবং এটি দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা নেই।
এ সময় ইরানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপগুলোতেও নতুন করে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির স্থানীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। পারস্য উপসাগরে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কশেম দ্বীপ এবং খার্গ দ্বীপে বুধবার ভোরের দিকে বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আঞ্চলিক উত্তেজনা ক্রমেই বাড়তে থাকায় বাহরাইন সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি নতুন তথ্য পাওয়া গেলে নাগরিকদের প্রয়োজনীয় নির্দেশনা দ্রুত জানানো হবে বলেও সরকার জানিয়েছে।
/এসএন