• ঢাকা
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২২ এএম


রেললাইনে পানি জমে চট্টগ্রামে আট’কা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস, ভোগা’ন্তিতে প্রায় হাজার যাত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ জুলাই ২০২৬ ৭:৩১ পিএম

টানা ভারী বর্ষণের কারণে রেললাইনে পানি জমে যাওয়ায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় আটকা পড়েছে। এতে ট্রেনে থাকা প্রায় এক হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি আটকে যায়। বিকেল সোয়া ৩টা পর্যন্তও ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে পুনরায় যাত্রা শুরু করতে পারেনি বলে জানা গেছে।

রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার সকাল সোয়া ৬টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে পর্যটক এক্সপ্রেস। দুপুর ১২টা ৩৫ মিনিটে ট্রেনটি চট্টগ্রামের ষোলশহর স্টেশন অতিক্রম করে। স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরই রেললাইনের ওপর পানি জমে যাওয়ায় ট্রেনটি থেমে যেতে বাধ্য হয়।

ষোলশহর স্টেশনের স্টেশন মাস্টার নেজাম উদ্দিন জানান, রেললাইনে পানি জমে থাকায় নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আটকে থাকা পর্যটক এক্সপ্রেসে প্রায় এক হাজার যাত্রী রয়েছেন।

তিনি আরও বলেন, সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস একই এলাকা অতিক্রম করেছিল। তখন রেললাইনে কোনো সমস্যা ছিল না। তবে এরপর মুষলধারে বৃষ্টিপাত শুরু হলে লাইনের ওপর পানি জমে যায়, ফলে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছে।

রেল কর্মকর্তারা জানান, পর্যটক এক্সপ্রেসের নির্ধারিত সময় ছিল বেলা ২টা ৪০ মিনিটে কক্সবাজার পৌঁছানো। তবে ট্রেনটি আটকে থাকায় নির্ধারিত সময় পেরিয়ে গেছে। রেললাইনের পানি নেমে গেলে ট্রেনটি আবার কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে।

এদিকে, টানা ভারী বর্ষণে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিবৃষ্টি ও জোয়ারের প্রভাবে নগরীর বিস্তীর্ণ নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গিয়ে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

/এসএন