ইরানের পবিত্র শহর কোমের জামকারান মসজিদে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) অনুষ্ঠিত এই জানাজায় লাখ লাখ শোকাহত মানুষ অংশ নেন।
মঙ্গলবার সকালে গ্র্যান্ড আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদি আমোলির ইমামতিতে জানাজার নামাজ আদায় করা হয়। এতে বিপুলসংখ্যক সাধারণ মানুষ, ধর্মীয় আলেম, সরকারি কর্মকর্তা, সামরিক কমান্ডার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
জানাজার নামাজ শেষে মরদেহবাহী শোকযাত্রা জামকারান মসজিদ থেকে হযরত ফাতিমা মাসুমা (সা.)–এর মাজারের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
এর আগে সোমবার বিকেল থেকেই ইরানের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ কোম শহরে আসতে শুরু করেন। ভোর হওয়ার আগেই জামকারান মসজিদের প্রাঙ্গণ ও নামাজের স্থান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
শোকযাত্রায় অংশ নিতে অনেককে পায়ে হেঁটে এবং অনেকে বিভিন্ন যানবাহনে করে আসতে দেখা যায়। তাদের হাতে ছিল ইরানের জাতীয় পতাকার পাশাপাশি লাল পতাকা।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। প্রায় চার মাস পর গত শুক্রবার (৩ জুলাই) তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হয়। এরপর শনিবার ও রোববার বিদায় অনুষ্ঠান ও জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার তেহরানের রাজপথে লাখো মানুষের অংশগ্রহণে শোকযাত্রাও অনুষ্ঠিত হয়েছে।
এদিকে শোকানুষ্ঠান ইরানের পবিত্র শহর কোমের পাশাপাশি ইরাকের নাজাফ ও কারবালায়ও অব্যাহত থাকবে। আগামী বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে চূড়ান্ত জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
/এসএন