প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে ইরান। এর অংশ হিসেবে সোমবার (৬ জুলাই) দেশটির আকাশসীমা পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের শিক্ষার্থীদের বার্তা সংস্থা (ইসনা) এ তথ্য জানিয়েছে।
যদিও এর আগের দিন রোববার (৫ জুলাই) জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার সময় বিমান চলাচল স্বাভাবিক ছিল। তবে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা জানিয়েছে, সোমবার রাজধানী তেহরানে জনসাধারণের শোকানুষ্ঠান চলাকালে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (৭ জুলাই) থেকে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে। তবে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর আরও কিছু সময় বন্ধ থাকবে।
এদিকে আগামী ৯ জুলাই চূড়ান্ত দাফন অনুষ্ঠান উপলক্ষে উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদের আকাশসীমাও সম্পূর্ণ বন্ধ রাখা হবে। ওই দিন শহীদ হাশেমিনেজাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে।
তবে ৭ ও ৮ জুলাই ইরানের অন্যান্য অঞ্চলে বিমান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুধুমাত্র শেষ দিনের দাফন অনুষ্ঠানকে কেন্দ্র করে মাশহাদগামী সব ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা হবে।
/এএসএফ