বাবা-মায়ের কাছে আইফোন কিনে দেওয়ার আবদার পূরণ না হওয়ায় অভিমান করে আত্মহত্যার চেষ্টা করেছে ১৬ বছর বয়সী এক কিশোরী। শুক্রবার (৩ জুলাই) রাত ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে কিশোরীকে অচেতন ও আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকতে দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তার পাকস্থলী পরিষ্কার (স্টমাক ওয়াশ)সহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ কিশোরীর নিজের হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করেছে। সেখানে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য দায়ী আমার বাবা।’
শাহবাগ থানা পুলিশের প্রাথমিক তথ্যমতে, দীর্ঘদিন ধরে কিশোরীটি তার বাবার কাছে একটি আইফোন কিনে দেওয়ার দাবি জানিয়ে আসছিল। তবে মধ্যবিত্ত পরিবারের আর্থিক সামর্থ্য এবং অন্যায্য আবদার পূরণে বাবার অস্বীকৃতির পর সে বিপুল পরিমাণ ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, সময়মতো চিকিৎসা পাওয়ায় কিশোরী বর্তমানে শঙ্কামুক্ত এবং শারীরিকভাবে সুস্থ রয়েছে। পরে তার শারীরিক অবস্থার উন্নতি হলে শাহবাগ থানা পুলিশ তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করে।
এদিকে সমাজবিজ্ঞানীদের মতে, ঘটনাটি প্রযুক্তিপণ্যের প্রতি অতিরিক্ত আসক্তি, পারিবারিক যোগাযোগের ঘাটতি এবং কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে বাড়তি সচেতনতার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে। তাদের মতে, সন্তানদের আবেগ ও মানসিক চাপ বোঝা এবং প্রয়োজন হলে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
/এএসএফ