সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানির স্রোতে নিখোঁজ হওয়া চিকিৎসক সুব্রত সাহা বিকাশের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সাদাপাথরের ৩ নম্বর পিলারের কাছে ধলাই নদীতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয় মাঝি রুবেল মিয়া।
রুবেল মিয়া জানান, সকালে ধলাই নদীতে মাছ ধরতে গিয়ে তিনি নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে স্থানীয় জেলেদের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।
খবর পেয়ে পুলিশ, বিজিবি ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে যান। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে সাদাপাথরের জিরোপয়েন্ট এলাকায় ধলাই নদীর উৎসমুখে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হন সুব্রত সাহা বিকাশ।
নিহত সুব্রত সাহা বিকাশ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বাসিন্দা এবং মিহির লাল সাহার ছেলে। তিনি তিন বন্ধুর সঙ্গে ঢাকা থেকে সিলেট ভ্রমণে এসেছিলেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
/এএসএফ