• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পিএম


তেহরানে খামেনিকে শে’ষ শ্রদ্ধা জানাল জামায়াত নেতৃত্বাধীন প্রতিনিধিদল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ জুলাই ২০২৬ ৮:৪৬ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন তেহরান সফরে থাকা জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। শুক্রবার (৩ জুলাই) জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে তারা তেহরানে পৌঁছানোর পর গ্র্যান্ড মোসাল্লায় খামেনির প্রতি শ্রদ্ধা জানান।

ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের আমন্ত্রণে সফররত প্রতিনিধিদলটি ৩ থেকে ৯ জুলাই পর্যন্ত দেশটিতে অবস্থান করবে। এ সময় তারা খামেনির বিদায়, জানাজা এবং রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমির মো. কেরামত আলী, মো. নুরুল আমীন, পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা, ডা. এস এম খালিদুজ্জামান এবং এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

আয়াতুল্লাহ আলী খামেনির জন্য ইরান ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানের আয়োজন করেছে। এ উপলক্ষে দেশজুড়ে লাখো মানুষের সমাগম ঘটছে। তেহরান এই বিপুল জনসমাগমকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি একটি রাজনৈতিক বার্তা হিসেবে তুলে ধরছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর প্রথম দিনেই খামেনি নিহত হন। তার স্মরণে ইরানের পাঁচটি শহরে ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এসব কর্মসূচিতে সব মিলিয়ে এক থেকে দুই কোটি মানুষের অংশগ্রহণ হতে পারে।

এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ দেশটির জনগণের প্রতি ব্যাপকভাবে জানাজায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জনগণের এই উপস্থিতিই হবে দেশের প্রতিশোধের বার্তা এবং ইসলামি প্রজাতন্ত্রের প্রতি সমর্থনের বহিঃপ্রকাশ।

/এসএন