• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ এএম


মায়ামি বিমানবন্দরে মেসিদের কড়া তল্লাশি, নতুন বিতর্কে স্বাগতিক যুক্তরাষ্ট্র

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ জুলাই ২০২৬ ১২:৩৮ এএম

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগ থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে রয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। কখনো ইরান দলকে দেশে প্রবেশের অনুমতি না দেওয়া, কখনো আফ্রিকার ফুটবলারদের ক্ষেত্রে অতিরিক্ত কড়াকড়ি, আবার কখনো ম্যাচ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত রেফারিকেই ভিসা না দেওয়ার অভিযোগে সমালোচনার মুখে পড়ে আয়োজক দেশটি।

এবার সেই বিতর্কের তালিকায় যুক্ত হলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং তাদের অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে নতুন একটি ঘটনা।

চলমান বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের বেসক্যাম্প স্থাপন করেছে কানসাসে। সেখান থেকেই প্রতিটি ম্যাচের ভেন্যুতে যাতায়াত করছে লিওনেল স্কালোনির দল।

শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে একদিন আগে মায়ামিতে পৌঁছায় আলবিসেলেস্তেরা। তবে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরই দলটিকে কঠোর নিরাপত্তা তল্লাশির মুখোমুখি হতে হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমান থেকে নামার পর আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের ঘিরে ধরেন মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা। এরপর মেটাল ডিটেক্টরের মাধ্যমে প্রত্যেক খেলোয়াড়কে পৃথকভাবে তল্লাশি করা হয়।

ভিডিওতে আরও দেখা যায়, আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসির পুরো শরীর মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করেন এক নিরাপত্তাকর্মী। ব্যক্তিগত তল্লাশি শেষ হওয়ার পর তার লাগেজও খুলে পরীক্ষা করা হয়।

তল্লাশির সময় মেসিকে শান্ত ও স্বাভাবিক থাকতে দেখা যায়। নিজের পরীক্ষা শেষ হওয়ার পর সতীর্থদের একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে দেখে তিনি মুচকি হাসেন। পুরো সময়জুড়ে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতামূলক আচরণই করেন আর্জেন্টাইন অধিনায়ক।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেক ফুটবল সমর্থক ও বিশ্লেষক মনে করছেন, বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে অংশ নিতে আসা খেলোয়াড়দের সঙ্গে এমন আচরণ অপ্রয়োজনীয় এবং এটি আয়োজক দেশের আতিথেয়তা নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

এর আগে ইরান ও কয়েকটি আফ্রিকান দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের আচরণ নিয়েও সমালোচনা হয়েছিল। এবার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের নিরাপত্তা তল্লাশির ঘটনাও সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে।

/এএসএফ