ফেনীর দাগনভূঞা উপজেলায় টানা ৪০ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পুরস্কার হিসেবে বাইসাইকেল পেয়েছে ৯ জন শিশু-কিশোর। একই অনুষ্ঠানে ১০টি সূরা মুখস্থ করা এবং মাসালা-মাসায়েল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৪১ জন শিশু-কিশোরকে শিক্ষা উপকরণ ও ইসলামিক বইও প্রদান করা হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ গ্রামে ‘আলোর মশাল’ সংগঠনের উদ্যোগে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও সমাজসেবক অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন দাগনভূঞা-সোনাগাজী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডা. ফখরুদ্দিন মানিক।
জানা গেছে, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী শহীদ উল্লাহ। এছাড়া স্থানীয় বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ব্যবসায়ী ও সমাজসেবক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এ প্রতিযোগিতায় তিনটি মসজিদের মোট ৪১ জন শিশু-কিশোর অংশ নেয়। তাদের মধ্যে টানা ৪০ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৯ জনকে একটি করে বাইসাইকেল উপহার দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী ৪১ জনের প্রত্যেককে স্কুলব্যাগ, শিক্ষাসামগ্রী এবং ইসলামিক বই প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার ও উপহার তুলে দেন। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান আয়োজকরা।
এ বিষয়ে ‘আলোর মশাল’-এর আহ্বায়ক শাহাদাত হোসেন বলেন, কর্মসূচির ঘোষণা দেওয়ার পর থেকেই শিশু-কিশোররা নিয়মিতভাবে মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় শুরু করে। পাশাপাশি তাদের প্রাথমিক সূরাগুলো অর্থসহ মুখস্থ করানো হয়েছে।
তিনি আরও বলেন, একটানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের প্রতিযোগিতায় বিজয়ী প্রত্যেককে একটি করে সাইকেল পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া অংশগ্রহণকারী সব শিশুকে স্কুলব্যাগ, শিক্ষাসামগ্রী ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বেতুয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মনির হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বীকন মডেল কলেজের প্রভাষক ও ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুন, যুগ্ম সম্পাদক হাফেজ নাসির উদ্দিন, সংস্থার সদস্য ডা. শাহজাহান, সমাজসেবক মনিরুল আজিম, আলোর মশালের আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য আবু বক্কর সিদ্দিক রাফিসহ অন্যান্যরা।
/এসএন