• ঢাকা
  • রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০১ এএম


স্পেনের দাবানল ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৮০ হাজার ইউরো দিলেন লিওনেল মেসি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ আগস্ট ২০২৬ ১০:০৬ এএম

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি স্পেনের রাজধানী মাদ্রিদের বিভিন্ন এলাকায় ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন। ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের জন্য তিনি ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ১৪ লাখ টাকার সমপরিমাণ।সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়ে মাদ্রিদের আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আয়ুসো মেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, সিয়েরা ওয়েস্তে অঞ্চলের পুনর্গঠনে মেসির এই অনুদান দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।আয়ুসো আরও বলেন, মাদ্রিদের মানুষ মেসির এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে মূল্যায়ন করবে। ভবিষ্যতে সুযোগ হলে তাকে যথাযথ সম্মান ও ভালোবাসার সঙ্গে স্বাগত জানানোর আশা প্রকাশ করেন তিনি।মেসির এই অনুদান এমন সময়ে এসেছে, যখন ভয়াবহ দাবানলের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সিয়েরা ওয়েস্তে অঞ্চলে পুনর্বাসন ও পুনর্গঠনের কাজ চলমান রয়েছে।প্রায় দুই সপ্তাহ ধরে চলা ভয়াবহ আগুন এখন নিয়ন্ত্রণে এলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো সতর্ক অবস্থানে রয়েছে। জরুরি সেবাকর্মীরা দাবানলপ্রবণ এলাকাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, যাতে নতুন করে আগুন ছড়িয়ে না পড়ে।বিশেষ করে সান হুয়ান জলাধারের আশপাশে ছড়িয়ে থাকা আগুনের ছোট ছোট অংশ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে কাজ চালিয়ে যাচ্ছে স্থলভিত্তিক দমকল বাহিনী, বনাঞ্চল অগ্নিনির্বাপণ দল এবং পরিবেশরক্ষী সদস্যরা।এদিকে, পেলায়োস দে লা প্রেসা এবং সান মার্তিন দে ভালদেইগলেসিয়াস এলাকার কয়েকটি আবাসিক অঞ্চলে এখনো বাসিন্দাদের ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

/বিএসএস