২০২৬ বিশ্বকাপ শেষে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জিতেছেন স্পেনের অধিনায়ক রদ্রি। তবে এই সিদ্ধান্ত ঘিরে ফুটবলপ্রেমীদের একাংশের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। অনেক সমর্থকের দাবি, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিই এই পুরস্কারের বেশি যোগ্য ছিলেন।
পুরো টুর্নামেন্টে মেসি গোল করার পাশাপাশি চারটি অ্যাসিস্টও করেন। এছাড়া আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে পাঁচবার ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। ৩৯ বছর বয়সেও দলের একাধিক জয়ে নির্ণায়ক অবদান রাখায় অনেকের মতে, গোল্ডেন বল তার হাতেই মানাত।
অন্যদিকে, রদ্রি এবারের বিশ্বকাপে কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি। তবে স্পেনের মাঝমাঠের নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। টুর্নামেন্টে আট ম্যাচে মোট ৭২৬ মিনিট খেলেন এই মিডফিল্ডার।
পরিসংখ্যান অনুযায়ী, রদ্রি টুর্নামেন্টে সর্বোচ্চ ৬৯২টি সফল পাস দিয়েছেন এবং তার পাসের সাফল্যের হার ছিল ৯৪ শতাংশ। এছাড়া ১৩টি সফল ট্যাকলও করেন তিনি, যা স্পেনের মাঝমাঠকে শক্তিশালী রাখতে বড় ভূমিকা রাখে।
ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের মূল্যায়নে, স্পেনের বিশ্বকাপ জয়ে রদ্রির সামগ্রিক প্রভাব ছিল সবচেয়ে বেশি। সেই বিবেচনায় তাকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়েছে।
তবে ফুটবল সমর্থকদের একাংশের মতে, গোল্ডেন বল নির্বাচনের ক্ষেত্রে গোল, অ্যাসিস্ট এবং ম্যাচে সরাসরি প্রভাবকেও গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়। সে কারণেই রদ্রির পরিবর্তে মেসির নাম নিয়ে বিতর্ক এখনো থামেনি।
/এএসএফ