• ঢাকা
  • রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পিএম


মক্কায় জীবনসঙ্গীর সঙ্গে নীহা, নতুন জীবনের খবর দিলেন অভিনেত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ নভেম্বর ২০২৬ ১০:৩৩ পিএম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় এসেছেন। গত জুন মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে নিজের সম্পর্কের কথা জানিয়েছিলেন তিনি। তবে সেটি প্রেম, বাগদান নাকি বিয়ে—এ বিষয়ে এতদিন স্পষ্ট করে কিছু বলেননি অভিনেত্রী। এবার পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারামে গিয়ে ছবি প্রকাশের মাধ্যমে বিয়ের জোরালো ইঙ্গিত দিয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি শেয়ার করেন নীহা। ছবিগুলোতে পবিত্র কাবা শরিফের সামনে অভিনেত্রীকে একজন জীবনসঙ্গীর সঙ্গে দেখা যায়। একটি ছবিতে পেছন থেকে তাঁদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, দুজনের মুখই ছিল কাবা শরিফের দিকে। অন্য ছবিতে একে অপরের হাত ধরে রয়েছেন তাঁরা। ছবিটির পেছনেও দেখা যাচ্ছে পবিত্র কাবা শরিফ।

ছবিগুলোর ক্যাপশনে জীবনের নতুন অধ্যায়ের কথা তুলে ধরেছেন নীহা। তিনি লিখেছেন, ‘যে অধ্যায়টি আমরা এতদিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম; এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া।’

ক্যাপশনের শেষ অংশে তিনি আরও লেখেন, ‘আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।’

অভিনেত্রীর এই বক্তব্য ও ছবিগুলো থেকে তাঁর বিয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে জীবনসঙ্গীর পরিচয় সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানাননি তিনি।

এর আগে এই রহস্যময় ব্যক্তির সঙ্গে নীহার নেপাল ভ্রমণে যাওয়ার গুঞ্জন ছড়িয়েছিল। নেপাল কিংবা পাকিস্তানের কোনো যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে—এমন আলোচনাও আগে শোনা গিয়েছিল। তবে এবার বিয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেও জীবনসঙ্গীর নাম বা পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী।

নীহার পোস্টটি প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানাচ্ছেন এবং ভালোবাসা প্রকাশ করছেন।

/এসএন