নিজের বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবিন। তবে বিয়ের কথা জানালেও জীবনসঙ্গীর পরিচয় আপাতত প্রকাশ করতে চান না তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি শেয়ার করেছেন এই গায়িকা। ছবিতে ফুল দিয়ে বরের মুখ ঢেকে রেখেছেন। একই সঙ্গে স্বামীর পরিচয় জানতে চেয়ে তাঁকে কিংবা তাঁর পরিবারের সদস্যদের বিব্রত না করার অনুরোধ জানিয়েছেন পারশা।
শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বরের মুখ আড়াল করা ছবি প্রকাশ করেন তিনি। মজার ছলে ছবির সঙ্গে পারশা লিখেছেন, ‘বেগানা নারীদের কুদৃষ্টি থেকে হেফাজতের স্বার্থে বরের চেহারা গোপন রাখা হলো। ব্যাটামানুষের রূপ-লাবণ্য ও যৌবন জনসমক্ষে প্রদর্শন করে সমাজে ফিতনা ছড়ানোর পক্ষপাতী নই। অতএব, বরের পরিচয় জানতে চেয়ে আমাকে বা আমার পরিবারকে বিব্রত করবেন না।’
পারশা জানিয়েছেন, গত ২৬ অক্টোবর দেশের বাইরে তাঁদের আকদ সম্পন্ন হয়েছে। তবে ভিসা জটিলতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তাঁর পরিবারের সদস্যরা। অন্যদিকে, বরের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিয়ের আনুষ্ঠানিকতার আরও কিছু আয়োজন বাকি রয়েছে। আগামী ছয় মাসের মধ্যে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বাকি অনুষ্ঠান সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাঁদের।
স্বামীর পরিচয় গোপন রাখার কারণও ব্যাখ্যা করেছেন এই শিল্পী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যদি নাম বলি, তাহলে সবাই তাকে চিনে ফেলবে। তাই আপাতত বলতে চাইছি না। আর পরিচয়টা সামনে আনতে চাই না বলেই ছবিতে ফুল দিয়ে মুখটা ঢেকে রেখেছি। আমি তাকে ‘প্রিয়’ বলে ডাকি, সেও আমাকে ‘প্রিয়’ বলে।’
পারশা আরও জানান, প্রায় এক বছর আগে দেশের বাইরে ঘুরতে গিয়ে তাঁদের পরিচয় হয়েছিল। এরপর দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়। একপর্যায়ে নিজের পছন্দের বিষয়টি পরিবারের সদস্যদের জানান তিনি। তাঁর পছন্দে পরিবারের পক্ষ থেকেও কোনো আপত্তি ছিল না।
জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে নিজের প্রত্যাশার কথাও তুলে ধরেছেন পারশা। তাঁর কাছে জীবনের প্রথম এবং সবচেয়ে বড় নিরাপত্তার জায়গা হলেন বাবা। ছোটবেলা থেকেই বাবার আদর ও সুরক্ষায় বেড়ে উঠেছেন তিনি। বাবার কাছ থেকে পাওয়া নির্ভরতা ও স্বাধীনতার অভিজ্ঞতাই জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে তাঁর প্রত্যাশা তৈরি করেছে বলে জানিয়েছেন এই শিল্পী।
কোটা সংস্কার আন্দোলনের সময় ‘চলো ভুলে যাই’ গান গেয়ে আলোচনায় আসেন পারশা মাহজাবিন। সংগীতচর্চার পাশাপাশি অভিনয়েও দেখা গেছে এই জেন-জি শিল্পীকে। এবার বিয়ের খবর প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। তবে জীবনসঙ্গীর পরিচয় আপাতত আড়ালেই রাখতে চান পারশা।
/এসএন