মালয়েশিয়ার নেগরি সেম্বিলান প্রদেশে একই বাসায় থাকা বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়মেইল দেশটির নেগরি সেম্বিলান পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
নেগরি সেম্বিলান পুলিশের প্রধান দাতুক আলজাফনি আহমদ জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে প্রায় ৪০ বছর বয়সী এক বাংলাদেশি পুরুষকে আটক করা হয়েছে। স্থানীয় সময় সোমবার বিকেল সোয়া ৪টার দিকে রাজধানী কুয়ালালামপুরের অদূরে তামান লিঙ্গির এলাকার একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশ জানায়, লিঙ্গি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রথমে এক বাংলাদেশিকে আটক করে। পরে প্রাথমিক তদন্তের সূত্র ধরে লিঙ্গির সুয়া মাঙ্গিস এস্টেট এলাকা থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়। এরপর আরও একটি মরদেহ উদ্ধার করা হয়। নিহত তিনজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আহত আরেক বাংলাদেশিকে উদ্ধার করে রেম্বাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সংঘর্ষে জড়িত সবাই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং একই বাসায় বসবাস করতেন। ধারণা করা হচ্ছে, ঘটনাটি একাধিক স্থানে ঘটেছে। কী কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে মঙ্গলবার পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।
সূত্র: মালয়মেইল
/এএসএফ