মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার বিকেলে বগুড়া শহরের নওয়াববাড়ি সড়কে টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। তিনি সতর্ক করে বলেন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে বগুড়াকে ‘আরেকটি মাগুরা’ বানানোর অপচেষ্টা থেকে বিরত থাকতে হবে।
রোববার বিকেলে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান (সোহেল)-এর নির্বাচনী ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা ঘোষণা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ১৯৯৪ সালের মাগুরা-২ উপনির্বাচনের মতো বিতর্কিত পরিস্থিতি সৃষ্টি হলে তা গণতন্ত্রের জন্য ক্ষতিকর হবে। তিনি অভিযোগ করেন, বিএনপি বর্তমানে সংবিধান সংস্কারসহ গুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধিতা করে ফ্যাসিবাদী শাসনের দিকে এগোচ্ছে।
তিনি আরও বলেন, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও বিএনপি জাতির প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়া এবং জুলাই সনদের বাস্তবায়নে বাধা দেওয়ার মাধ্যমে দলটি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলেও দাবি করেন তিনি।
গণভোট প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, বিপুল সংখ্যক ভোটার ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে মত দিয়েছে, কিন্তু বিএনপি তা মেনে নিতে না পেরে গণভোট বাতিলের উদ্যোগ নিচ্ছে। প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ঠেকিয়ে তারা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন তিনি।
বগুড়া শহরের নওয়াববাড়ি সড়কে টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জামায়াতের বগুড়া শহর শাখার আমির ও প্রার্থী আবিদুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় উপনির্বাচনকে সামনে রেখে জামায়াত প্রার্থীর ১৪ দফা ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক সৈয়দ আব্দুল আজিজ তা পাঠ করে শোনান।